যুক্তরাজ্যের কিশোর ছেলেরা এখনও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপযোগী বই পড়তেই বেশি আগ্রহী। অন্যদিকে একই বয়সী মেয়েরা বিভিন্ন ধরনের বই ও লেখকের দিকে ঝুঁকছে। শিক্ষা-প্রযুক্তি প্রতিষ্ঠান ‘রেনেসাঁ’-এর বার্ষিক ‘হোয়াট কিডস আর রিডিং’ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
ছেলেদের পছন্দে একই সিরিজের আধিপত্য
প্রতিবেদনে বলা হয়েছে, ১১ থেকে ১৪ বছর বয়সী ছেলেদের সবচেয়ে বেশি পড়া ১০টি বইয়ের মধ্যে আটটিই জেফ কিনির জনপ্রিয় সিরিজ ‘ডায়েরি অব আ উইম্পি কিড’–এর বিভিন্ন খণ্ড। অন্যদিকে মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে নানা ধরনের বই। এরমধ্যে আছে অ্যালিস ওসম্যানের ‘হার্টস্টপার’, হলি জ্যাকসনের ‘আ গুড গার্লস গাইড টু মার্ডার’ এবং সুজান কলিন্সের ‘দ্য হাঙ্গার গেমস’।
পাঠাভ্যাসে লিঙ্গভেদ
গবেষকেরা বলছেন, মাধ্যমিক বিদ্যালয়ে ওঠার পর ছেলে ও মেয়েদের পাঠাভ্যাসের মধ্যে স্পষ্ট পার্থক্য তৈরি হয়। মেয়েরা নতুন লেখক ও নতুন ধরনের বইয়ের প্রতি আগ্রহ দেখালেও অনেক ছেলে একই সিরিজের বই পড়তেই অভ্যস্ত থাকে। প্রতিবেদনটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রায় ১১ লাখ শিক্ষার্থীর দেওয়া ২ কোটি ৩০ লাখের বেশি পাঠ-সম্পর্কিত কুইজের তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে।
বিদ্যালয়ে পড়ার সময় কমছে
গবেষণায় দেখা যায়, প্রাথমিক বিদ্যালয় শেষ হওয়ার পর স্কুলে নির্ধারিত পাঠের সময়ও কমে যায়। ‘রেনেসাঁ’-এর আরেক জরিপে দেখা গেছে, মাধ্যমিক বিদ্যালয়ের মাত্র ২৮ শতাংশে প্রতিদিন অন্তত ১৫ মিনিট বই পড়ার সময় রাখা হয়। প্রাথমিক বিদ্যালয়ে এই হার ৬২ শতাংশ।
গবেষকের মতামত
গবেষণা বিভাগের প্রধান বার্নাদেত্তা ব্রজিস্কা বলেন, “শিশুরা তাদের পছন্দের বই পড়লে সবচেয়ে ভালো শেখে। জনপ্রিয় সিরিজ নতুন পাঠকদের আকৃষ্ট করতে সাহায্য করে, কিন্তু এরপর তাদের নতুন লেখক ও কঠিনতর বইয়ের দিকে এগিয়ে নিতে হবে। তা না হলে অনেকেই একই জায়গায় আটকে যায়।”
ছেলে ও মেয়েদের শীর্ষ বইয়ের তালিকা
১১ থেকে ১৪ বছর বয়সী ছেলেদের সবচেয়ে জনপ্রিয় বইয়ের তালিকায় রয়েছে— ডায়েরি অব আ উইম্পি কিড, ডায়েরি অব আ উইম্পি কিড: দ্য গেটঅ্যাওয়ে, হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন এবং দ্য হাঙ্গার গেমস। অন্যদিকে মেয়েদের তালিকায় শীর্ষে রয়েছে— হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন, দ্য হাঙ্গার গেমস, হার্টস্টপার, আ গুড গার্লস গাইড টু মার্ডার এবং কেটি কারবির লটি ব্রুকস সিরিজের কয়েকটি বই।



