কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া শহর সংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত দুই পরীক্ষার্থী
নিহতরা হলেন সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামের সাইফুল ইসলামের ছেলে অপূর্ব তাইফ ইফতি (১৭) ও একই এলাকার নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম।
ঘটনার বিবরণ
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু গড়াই নদীতে গোসলে নামে। কিছুক্ষণ পর তারা নদীতে তলিয়ে যায়। এ সময় হাফিজ নামে এক ব্যক্তি তাদের উদ্ধারে এগিয়ে আসেন। দুই বন্ধুকে উদ্ধার করার পর তিনিও অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে উদ্ধারকারী হাফিজ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিসের বক্তব্য
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধারে গিয়েছিলেন। তবে তার আগেই স্থানীয়রা দুই জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানতে পেরেছি।



