এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু: দেশজুড়ে ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন
এসএসসি ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার সকাল ১০টায় সারাদেশে শুরু হয়েছে। রাজধানীর সরকারি মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ের সামনে শত শত বাবা-মা ও অভিভাবক তাদের সন্তানদের পরীক্ষার হলে দিয়ে বাইরে অপেক্ষা করছেন। তাদের কেউ কেউ যানজটের কারণে সময়মতো আসতে সমস্যার কথা উল্লেখ করে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন।
পরীক্ষার্থী সংখ্যা ও কেন্দ্রের বিবরণ
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। গতবারের তুলনায় এবার ৭৯ হাজার ২৩৫ জন পরীক্ষার্থী কমেছে। গতবার মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৩৬ হাজারের বেশি। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজারের বেশি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ৩ লাখের বেশি ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজারের বেশি। মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
শিক্ষামন্ত্রীর ঘোষণা: ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন গতকাল সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পরবর্তী এসএসসি পরীক্ষা (২০২৭) আগামী ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, "জানুয়ারিতে কোর্স শুরু হয়ে ডিসেম্বরে শেষ হয়। কোর্স শেষ করে পরীক্ষা নেওয়া হবে।" মন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমানে একজন শিক্ষার্থী দশম শ্রেণির ক্লাস শেষ করার পরের বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়, যা পরিবর্তনের চিন্তা করা হচ্ছে।
নতুন সরকারের প্রথম পাবলিক পরীক্ষা ও মনস্তাত্ত্বিক উদ্যোগ
নতুন সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম পাবলিক পরীক্ষা। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, বর্তমান জনবান্ধব ও নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাত্রছাত্রীদের মন থেকে 'পরীক্ষাভীতি' শব্দটি দূর করতে চায়। তিনি অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, "আপনারা সন্তানদের নিয়ে অকারণে আতঙ্কিত হবেন না।" পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে শান্ত-স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষার সময়সূচি নিয়ে আলোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা
দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনা পরিস্থিতির পর থেকে এই সূচি আর বজায় রাখা সম্ভব হয়নি; বরং সময়সূচি পিছিয়েছে। যেমন ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ ২১ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২ জুলাই। সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তটি কবে নাগাদ বাস্তবায়ন হবে। মন্ত্রী জবাবে বলেন, "কেন ২০২৮, ২০২৯, ২০২৭ বলব? জানুয়ারি মাসে সিলেবাস দিয়ে ক্লাস শুরু হয়নি?" তিনি আরও যোগ করেন, যদি ডিসেম্বরে কোর্স শেষ হয়, তাহলে শিক্ষার্থীদের জীবন থেকে এক বছর নষ্ট করা হবে না।



