প্রাথমিকের মিড ডে মিলে অনিয়ম পেলে মামলার নির্দেশ
প্রাথমিকের মিড ডে মিলে অনিয়ম পেলে মামলা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 'সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি' প্রকল্পের খাদ্য সরবরাহে কঠোর নির্দেশনা জারি করেছে। শনিবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক নির্দেশনায় বলা হয়, প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পচা বনরুটি, পচা ডিম, ছোট ও পচা কলা বিতরণের অভিযোগ উঠেছে। এর ফলে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।

খাদ্য মান যাচাইয়ের নির্দেশনা

গত ১৩ মে জারি করা অফিস আদেশে প্রধান শিক্ষকদের সরবরাহকৃত খাবার যাচাই করতে বলা হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়, খাদ্য গ্রহণ ও বিতরণের আগে সরবরাহকারীর কাছ থেকে আসা খাবারের মান ও পরিমাণ স্পেসিফিকেশন অনুযায়ী সঠিক কিনা নিশ্চিত করতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ে খাদ্য গ্রহণ ও বিতরণ করতে হবে।

বনরুটি ও ডিমের মান পরীক্ষা

বনরুটি তাজা, নরম ও সঠিকভাবে মোড়কজাত কিনা পরীক্ষা করতে হবে। প্যাকেজিং অক্ষত, ছেঁড়া বা আর্দ্রতামুক্ত হতে হবে এবং পচন, ফাঙ্গাস বা দুর্গন্ধমুক্ত থাকতে হবে। প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নেট ওজন (১২০ গ্রাম) উল্লেখ আছে কিনা যাচাই করতে হবে। ডিম ফাটা, দুর্গন্ধযুক্ত ও পিচ্ছিলতা বা দৃশ্যমান দূষণমুক্ত হতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কলা ও অন্যান্য খাদ্যের মান

কলা দাগ বা পোকামুক্ত হতে হবে এবং বেশি পাকা বা পচা কলা গ্রহণ বা বিতরণ করা যাবে না। ইউএইচটি মিল্ক ও ফর্টিফাইড বিস্কুটের ক্ষেত্রেও প্যাকেজিং অক্ষত, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নেট ওজন উল্লেখ থাকতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনিয়মে বিভাগীয় মামলা

নির্দেশনায় আরও বলা হয়েছে, সরবরাহকৃত খাদ্য যাচাই করে গ্রহণ করতে হবে এবং নিম্নমানের ও ত্রুটিপূর্ণ খাবার গ্রহণ করা যাবে না। এ বিষয়ে গাফিলতি, শৈথিল্য ও অনিয়ম পাওয়া গেলে বিভাগীয় মামলা ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরবরাহকারী প্রতিষ্ঠান নিম্নমানের খাবার সরবরাহ করলে তা গ্রহণ না করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।