সিভিল এভিয়েশন একাডেমি এভিয়েশন সেক্টরে নিবেদিত ভূমিকা পালন করে চলেছে। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক একথা বলেছেন। তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও সম্প্রসারণ এবং কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নসহ বেবিচকের বিভিন্ন বৃহৎ প্রকল্প বাস্তবায়নের জন্য দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন এভিয়েশন পেশাজীবীর প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষিতে সিভিল এভিয়েশন একাডেমি দক্ষ মানবসম্পদ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে এবং একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে কাজ করে যাচ্ছে।
আইকাও প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ
সোমবার (১৮ মে) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দফতরের অডিটোরিয়ামে সিভিল এভিয়েশন একাডেমির উদ্যোগে আইকাও প্রণীত ট্রেনিং ইনস্ট্রাকটরস কোর্সের (টিআইসি) সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল এভিয়েশন প্রশিক্ষণ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং দক্ষ ও যোগ্য এভিয়েশন প্রশিক্ষক তৈরি করা, যারা ভবিষ্যতে দেশের এভিয়েশন খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কোর্স
তিনি আরও বলেন, সিভিল এভিয়েশন একাডেমি বর্তমানে ‘রুলস অফ দ্যা ইয়ার’ এবং ‘এরড্রোম অপারেশনস ফর এটকস’ নামক দুটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ কোর্স উন্নয়নের কাজ করছে। এগুলো এভিয়েশন পেশাজীবীদের দক্ষতা আরও বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে বৈশ্বিকভাবে স্বীকৃত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার নতুন সুযোগ সৃষ্টি করবে।
প্রেজেন্টেশন ও সনদ প্রদান
অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী ‘ওভারভিউ অব এভিয়েশন ট্রেনিং’ শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে তিনি আইকাও-এর গ্লোবাল এভিয়েশন ট্রেনিং (গ্যাট), ট্রেইনার প্লাস প্রোগ্রাম প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রশিক্ষণ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানে বেবিচকের প্রশিক্ষণ কার্যক্রমে নিয়োজিত ২৪ জন কর্মকর্তা সফলভাবে আইকাও প্রণীত ট্রেনিং ইনস্ট্রাকটরস কোর্স সম্পন্ন করেন এবং আনুষ্ঠানিকভাবে সনদ গ্রহণ করেন।
বিশেষ অতিথির বক্তব্য
বিশেষ অতিথি বেবিচকের মেম্বার অপারেশনস এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান বলেন, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট, এভিয়েশন সিকিউরিটি, এরড্রোম অপারেশনস এবং রেসকিউ এবং ফায়ার ফাইটিংয়ের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ট্রেনিং নিড এসেসমেন্টের (টিএনএ) ভিত্তিতে অপারেশনাল প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যা পরবর্তীতে মাঠ পর্যায়ে কাজের দক্ষতা বৃদ্ধি করবে।
সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, এই ২৪ জন কর্মকর্তা এখন আন্তর্জাতিক মানের প্রশিক্ষক হিসেবে পরিচালনায় সক্ষম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।



