নান্দনিক গদ্যশৈলী ও অনুপ্রেরণামূলক লেখালেখির জন্য সুপরিচিত লেখক, সংগঠক নাজমুল হুদার জন্মদিন আজ। এইদিনে তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমপুর পুর গ্রামে জন্মগ্রহণ করেন। জন্ম-জেলার সাহিত্যানুকূল পরিবেশ ও পারিবারিক উৎসাহে বাল্যবেলায় থেকেই তিনি লেখালেখি, সামাজিক উদ্যোগ ও সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় ছিলেন।
শিক্ষাজীবন ও কর্মজীবন
ছাত্রাবস্থায় অংশ নিয়েছেন জাতীয় টেলিভিশন বিতর্কে; যুক্ত ছিলেন বেতার অনুষ্ঠান উপস্থাপনা ও ক্যাম্পাস সাংবাদিকতায়। পড়াশোনার পাট চুকিয়ে কর্পোরেট প্রশিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে কর্মরত আছেন বাংলাদেশ ব্যাংকে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশ ব্যাংক সাহিত্যকর্মীদের সংগঠন ‘অধিকোষের’ সাধারণ সম্পাদক, উদ্যোক্তা উন্নয়ন ও অনুপ্রেরণামূলক পত্রিকা মাসিক ‘স্বপ্নশীলন’ এর প্রধান সম্পাদক ও বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম, ঢাকা এর যুগ্মপ্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সাংগঠনিক কর্মকাণ্ড
এছাড়া বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর কো-চেয়ারম্যান ও বাংলাদেশ ইউথ অর্গানাইজেশন ফর স্কিল ডেভেলপমেন্ট (বিইওএসডি) এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
লেখালেখি ও বক্তৃতা
লেখালেখি, সম্পাদনা ও সাংগঠনিক কর্মকাণ্ড ছাড়াও নাজমুল হুদা বিভিন্ন সংস্থা, সংঘ ও অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের একাধিক সেশন, সেমিনার ও কর্মশালায় অতিথি বক্তা হিসেবে অংশ নিয়েছেন। যুক্তিবোধের জাগরণ ও আত্মিক উৎকর্ষ সাধনে তার সৃজনশীল প্রয়াস, উদ্বুদ্ধকরণ উদ্যোগ ও অনুপ্রেরণামূলক লেখালেখি সমাদৃত ও প্রশংসিত হয়েছে।
প্রকাশিত বই
ক্যারিয়ার ক্যারিশমা, এক্স ফ্যাক্টর, বিজ্ঞান বিভ্রাট, জিনিয়াস জিসান, বিতর্কে হাতেখড়ি, অনূর্ধ্ব উনিশ, প্যাসিভ পুরুষসহ তাঁর লেখা বইগুলো ইতোমধ্যে বেশ পরিচিতি ও পাঠপ্রিয়তা পেয়েছে।



