রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জামিন বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২১ জুন) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি সোমবার যুগান্তরকে নিশ্চিত করেছেন পাট্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম।
নিহতের পরিচয় ও ঘটনার বিবরণ
নিহত জামিন বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা মাজাইল গ্রামের মো. হোসেন আলী বিশ্বাসের ছেলে। পাংশা থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সকালের দিকে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়ি-বাংলাট ও পাট্রা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। এ সময় জামিন বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত রোববার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের বক্তব্য ও আইনগত ব্যবস্থা
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বিকালে যুগান্তরকে বলেন, “জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মূলত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরে জামিন নামের ওই যুবক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।” তিনি আরও জানান, সোমবার বিকালে নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা ঢাকা থেকে নিহতের লাশ নিয়ে রওয়ানা হয়েছেন। লাশের দাফন শেষ করে তারা থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। পরিবার মামলা করলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



