কুমিল্লায় নতুন উপজেলা বাঙ্গরা বাজার, নিকারের অনুমোদন
কুমিল্লায় নতুন উপজেলা বাঙ্গরা বাজার, নিকার অনুমোদন

প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) অনুমোদনের মাধ্যমে কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে নতুন বাঙ্গরা বাজার উপজেলা গঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত নিকারের সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

নতুন উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নসমূহ

নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের মধ্যে শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধইর পূর্ব, পূর্বধইর পশ্চিম, বাঙ্গরা পূর্ব (সদর), বাঙ্গরা পশ্চিম, চাপিতলা, রামচন্দ্রপুর উত্তর ও টনকী ইউনিয়ন নিয়ে নতুন উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।

আনন্দ-উচ্ছ্বাস ও স্থানীয় প্রতিক্রিয়া

অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর বাঙ্গরা ও মুরাদনগরের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন উপজেলা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয়দের ভাষ্য, এতদিন সরকারি বিভিন্ন সেবা নিতে প্রায় ২০ কিলোমিটার দূরে মুরাদনগর উপজেলা সদরে যেতে হতো। এতে সময় ও অর্থ—উভয়েরই অপচয় হতো। নতুন উপজেলা প্রতিষ্ঠার ফলে প্রশাসনিক সেবা স্থানীয় পর্যায়ে পৌঁছানোর পাশাপাশি জনভোগান্তি কমবে বলে তাদের প্রত্যাশা।

আন্দোলনের ইতিহাস ও বাস্তবায়ন

বাঙ্গরা বাজারকে উপজেলা ঘোষণার দাবিতে গত কয়েক বছর ধরে স্থানীয় বাসিন্দারা ধারাবাহিকভাবে আন্দোলন, সভা-সমাবেশ ও গণসচেতনতামূলক কর্মসূচি পালন করেন। অন্তর্বর্তী সরকারের সময়ে এ বিষয়ে প্রাথমিক প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়। পরে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বিষয়টি এগিয়ে নিতে ভূমিকা রাখেন। সবশেষ নিকারের অনুমোদনের মাধ্যমে নতুন উপজেলা গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাঙ্গরা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন বলেন, ২০১৪ সালে ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা থানা প্রতিষ্ঠার পর উপজেলা গঠনের দাবি জোরালো হয়। উপজেলা অনুমোদনের মধ্য দিয়ে সেই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার এবং যুবদল নেতা চঞ্চল রায়হান বলেন, প্রায় এক দশকের আন্দোলনের ফলেই নতুন উপজেলা প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সংশ্লিষ্ট সবাইকে তারা ধন্যবাদ জানান।

নতুন প্রস্তাব ও উন্নয়নের প্রত্যাশা

এদিকে, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল নতুন উপজেলার নাম ‘নজরুল নগর’ রাখার প্রস্তাব দেন। অন্যদিকে এনসিপি কুমিল্লা উত্তর জেলা আহ্বায়ক গোলাম কিবরিয়া সরকার বলেন, নতুন উপজেলা প্রতিষ্ঠার ফলে প্রশাসনিক সেবার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।