গাইবান্ধায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, আটক ২ নারী
গাইবান্ধা সদরের পূর্ব পিয়ারাপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীকে আটক করেছে।
রোববার (৭ জুন) রাত ৯টার দিকে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পূর্ব পিয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমন (১৮) গাইবান্ধা সরকারি কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে একই গ্রামের ছানা হাজির ছেলে রাকিবের সঙ্গে মৃত ফারুকের ছেলে রুহিতের জমির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার রাতে এ নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাকিব ধারালো ছুরি দিয়ে রুহিতকে আঘাত করে। এ সময় রুহিতের ছোট ভাই রুমন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় দুই ভাইকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রুহিত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৮ জুন) সকালে গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদের জন্য রাকিবের মা বেবি বেগম ও তার স্ত্রী ইতি বেগমকে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ মূল অভিযুক্ত রাকিবকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।



