কসবা-আখাউড়ায় ২৫ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ
কসবা-আখাউড়ায় ২৫ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় শারীরিক প্রতিবন্ধী ও অসহায় ২৫ জন ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকার এ হুইল চেয়ার বিতরণ করেন।

অনুষ্ঠানের আয়োজন ও উপস্থিতি

রোববার (৫ জুলাই) দুপুর ১২টায় কসবা মডেল মসজিদ কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার তুলে দেন। কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ফরিদ উদ্দিন আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা নুরুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, কসবা পৌরসভা মেয়র প্রার্থী কাজী সিরাজুল ইসলাম, আখাউড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন ভুঁইয়া, আখাউড়া পৌরসভা মেয়র প্রার্থী বোরহান উদ্দিন খান। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী এস এম আজাদ মানিক, আখাউড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোহাম্মদ সানাউল্লাহ, ছাত্রনেতা সাইফুল্লাহ আল আরিফ, কসবা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান মোল্লা, আশরাফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ ও নেতাকর্মী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধান অতিথির বক্তব্য

প্রধান অতিথির বক্তব্যে মো. আতাউর রহমান সরকার বলেন, ‘আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে, অসুস্থ হলেও তারা আমাদের ভাই-বোন। এ অবস্থায় তাদের পাশে দাঁড়ানোকে আমরা নৈতিক, সামাজিক এবং ইমানি দায়িত্ব মনে করি।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।’ প্রতিবন্ধীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রতিবন্ধকতা কখনো মানুষের অগ্রযাত্রার বাধা হতে পারে না; সমাজের সহযোগিতা ও আত্মবিশ্বাস থাকলে জীবনের পথে এগিয়ে যাওয়া সম্ভব।’ শেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বলেন, ‘আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুন।’