নিজের নির্বাচনী এলাকায় নতুন করে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের নামে আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ না করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১৯ জুন) প্রতিমন্ত্রীর ব্যক্তিগত প্রেস সচিব আতিকুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ১ জুন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো এক অফিসিয়াল চিঠিতে প্রতিমন্ত্রী এ অনুরোধ জানান। চিঠিতে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বগুড়া-২ (শিবগঞ্জ ও মোকামতলা) নির্বাচনী এলাকার অন্তর্গত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন ও জাতীয়করণের স্বার্থে নাম পরিবর্তন করে তার নামে করার প্রস্তাব করা হচ্ছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত।
তিনি জানান, ১৯৯৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নিজের জমি ও অর্থায়নে তিনি ইতোমধ্যেই ১০টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, যা এলাকায় সুনামের সঙ্গে শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে। এসব প্রতিষ্ঠানের বাইরে নতুন করে তার নামে কোনো প্রস্তাব পাঠানো হলে তা যেন অনুমোদন না করা হয়।
তবে প্রতিমন্ত্রীর এমন স্পষ্ট আপত্তির পরও তার নির্বাচনী এলাকা বগুড়ার শিবগঞ্জে একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাবের খবর পাওয়া গেছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ৯ জুনের একটি সরকারি চিঠি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।



