গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) টঙ্গী পশ্চিম থানা পুলিশ উদ্ধার হওয়া শিশুদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করেন।
উদ্ধার হওয়া শিশুরা
উদ্ধার হওয়া শিশুরা হলো টঙ্গীর পশ্চিম থানার সাতাইশ এলাকার ব্যাংকপাড়ার মিতু আক্তার (১২), ইমাম মাহদী (৫) ও কাইফা (১২)। সোমবার তাদের উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণ
পুলিশ জানায়, ওই তিন শিশু গত ৯ মে বিকালে টঙ্গীর সাতাইশ ব্যাংকপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়। এরপর তাদের স্বজনরা টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ তাদের উদ্ধারে অভিযান শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি অভিযানিক দল সোমবার সকালে বরিশাল জেলার কাজীরহাট থানার হেশাম উদ্দিন বাজার এলাকা থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, অনেক চেষ্টার পর তিন শিশুকে সুস্থ অবস্থায় বরিশাল জেলার কাজীরহাট থানার হেশাম উদ্দিন বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



