উলাশি খাল পুনঃখননের উদ্বোধন প্রধানমন্ত্রী তারেক রহমানের
উলাশি খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার যশোরের শার্শা উপজেলায় ঐতিহাসিক উলাশি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন। সকাল সাড়ে ১১টার দিকে খালের স্থানে কোদাল দিয়ে প্রথম মাটি কেটে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করেন তিনি।

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অণি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মীর শাহে আলম এবং পানি সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরে তিনি খাল পুনঃখনন কাজের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। ফলকে লেখা: 'মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ২০২৬ সালের ২৭ এপ্রিল যশোর জেলার শার্শা উপজেলায় উলাশি খাল (জিয়া খাল) পুনঃখননের উদ্বোধন করেন।'

ইতিহাস ও পুনঃখনন

প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই খালটি উলাশি থেকে যদুনাথপুর পর্যন্ত বিস্তৃত। ১৯৭৬ সালের ১ নভেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে এটি খনন করা হয়। পরে এটি 'জিয়া খাল' নামে ব্যাপক পরিচিতি লাভ করে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এখন খালটি পুনঃখনন করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচি

এর আগে প্রধানমন্ত্রী সকাল ১০টা ২০ মিনিটে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে যশোর বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি বাসযোগে শার্শা উপজেলায় খাল পুনঃখনন উদ্বোধনে আসেন। খালের তীরে এক নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরে যশোর সার্কিট হাউসে জোহরের নামাজ আদায় ও দুপুরের খাবার শেষে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। বিকেলে জেলা বিএনপির আয়োজনে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক জনসভায় ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সন্ধ্যায় বিমানযোগে ঢাকা ফেরার কথা রয়েছে।

এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের যশোরে প্রথম সফর। তিনি সর্বশেষ ২ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন হিসেবে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দিয়েছিলেন।