ঢাকাস্থ খুলনা ফ্রেন্ডস সার্কেলের (কেএফসি) ৩০তম বার্ষিক প্রীতি সম্মেলন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচনা ও বক্তব্য
সকাল পৌনে ১০টায় কেএফসি সদস্য হাফেজ মো. আব্দুস সবুরের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কেএফসির সভাপতি শেখ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বার্ষিক প্রীতি সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আব্দুর রহিম। কার্যবিবরণী, বার্ষিক প্রতিবেদন পাঠ ও পর্যালোচনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ওয়াছিয়ার রহমান।
প্রীতি সম্মেলনে আরও বক্তব্য দেন- কেএফসির সিনিয়র সহ-সভাপতি মো. আনিসুজ্জামান, অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম, খুলনা বিএল কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, আইএফসি ব্যাংকের ডিএমডি শেখ আকতার উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মো. আ. হান্নান, সৈয়দ আহমদ তালুকদার, বিশিষ্ট ভাস্কুলার সার্জন অধ্যাপক ডা. জি এম মকবুল ও হাসিনা আক্তার মুন্নি।
প্রবাসী সদস্যদের অংশগ্রহণ
কেএফসির প্রবাসী সদস্য হিসেবে উত্তর আমেরিকা থেকে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য দেন মীরবহর জাহাঙ্গীর হোসেন টুলু, অস্ট্রেলিয়া থেকে অধ্যাপক ড. মিজানুর রহমান লিটু, ইউরোপ থেকে মো. আবুল খায়ের লস্কর ও এশিয়া থেকে অধ্যাপক আব্দুস সামাদ কামাল।
গুণীজন সম্মাননা
অনুষ্ঠানে বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ চার গুণীজনকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে মহান মুক্তিযুদ্ধে খুলনার ফররুখ একাডেমির সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সাফায়েত আলী মিয়া (মরণোত্তর), চিকিৎসায় ইউরোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম, শিক্ষায় খুলনা পাবলিক কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম ও সমাজসেবায় অ্যাডভোকেট কাজী নওশের উল আলমকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী গোলাম মওলা ও আব্দুল আজিজ।



