সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকালের তীব্র গরমের পর দুপুরের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও বেশি বিড়ম্বনায় পড়েন ট্রাকে ও মোটরসাইকেলে ঢাকায় ফেরা যাত্রীরা। শুক্রবার (৫ জুন) বিকেল পর্যন্ত সেতুর পশ্চিমের আশপাশে অন্তত ১২ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়।
যানজটের কারণ
এর আগে শুক্রবার সকাল থেকে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা থেকে সীমান্ত বাজার পর্যন্ত ঢাকাগামী লেনে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোর রাতে যমুনা সেতুর ওপর একাধিক যানবাহনের সংঘর্ষ ও কিছু ত্রুটিপূর্ণ গাড়ি বিকল হয়ে পড়ার পাশাপাশি ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের অতিরিক্ত চাপে এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ।
যাত্রীদের দুর্ভোগ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে আসা ঢাকাগামী বাসের যাত্রী মকবুল হোসেন জানান, ‘সিরাজগঞ্জের নলকা সেতু পার হওয়ার পর থেকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পরে আছি। কখন ঢাকা পৌঁছাবো ঠিক নাই।’ নওগাঁ থেকে ছেড়ে আসা যাত্রবাহী বাসচালক আব্দুল হানিফ জানান, ‘যমুনা সেতু সংযোগ মহাসড়কের নলকা সেতু অতিক্রম করার পর থেকে তীব্র যানজটে পড়েছি। ১০ মিনিটের পথ ৩ ঘণ্টায় অতিক্রম করতে পারিনি।’
পুলিশের কার্যক্রম
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম বিকেল সাড়ে ৫টার দিকে জানান, যমুনা সেতুর ওপর একাধিক যানবাহনের সংঘর্ষের কারণে ও ঈদের ছুটি শেষে গার্মেন্টস শ্রমিক ও সাধারণ মানুষ একযোগে কর্মস্থলে ফিরছেন, যার ফলে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। এতে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা থেকে সীমান্ত বাজার পর্যন্ত ঢাকাগামী লেনে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।



