স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বুধবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা গঠন উপলক্ষে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার সময়
মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার এই গুরুত্বপূর্ণ সময়ে কেউ যেন নতুন করে বিভ্রান্ত না হয়, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে। তিনি স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, বাংলাদেশ জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয়েছে, যা জাতির জন্য বিরল সম্মাননা।
উন্নয়নের পাশাপাশি ষড়যন্ত্র
তিনি বলেন, আমরা যখন উন্নয়ন কাজ করতে ব্যস্ত, যখন একটির পর একটি প্রতিশ্রুতি পালন করছি, তখন একটি মহল ষড়যন্ত্র করছে। জামায়াতকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, নইলে দেশ পিছিয়ে পড়বে। জনগণের চাহিদা একে একে পূরণ করা হবে, তবে কিছুটা ধৈর্য ধরতে হবে।
তরুণদের প্রতি আহ্বান
তরুণদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, অসমাপ্ত কাজগুলো হয়ে যাবে। সবচেয়ে বড় বিষয় হলো নিজেদের তৈরি করতে হবে। তরুণরা মাদকাসক্ত হচ্ছে শুনে দুঃখ হয়। মাদক থেকে মুক্ত থাকতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং খেলাধুলার চর্চা করতে হবে। নেতৃত্ব গড়ে তুললে রুহিয়া উপজেলা সামনের দিকে এগিয়ে যাবে।
রুহিয়া উপজেলা কার্যালয় উদ্বোধন
এর আগে নবগঠিত রুহিয়া উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন মন্ত্রী। পরে সভামঞ্চে উপস্থিত হলে আয়োজকদের পক্ষ থেকে পুষ্প বৃষ্টি ও লাল গালিচা সংবর্ধনা দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।



