বরগুনা জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বরগুনা জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আইনশৃঙ্খলা সভায় বক্তব্য
বৃহস্পতিবার বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ১৯৬৫ সালে সিঙ্গাপুর স্বাধীন হওয়ার প্রসঙ্গ টেনে নূরুল ইসলাম বলেন, ‘সেই সিঙ্গাপুর এখন কোথায় আর আমরা কোথায়? চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি।’
উন্নয়নের সম্ভাবনা
তিনি আরও বলেন, দেশের মানুষকে বাঁচিয়ে রাখার সম্পদ আমাদের উপকূলেই আছে। এখানে আমরা ইকোনমিক জোন করতে পারি, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। বিদ্যুৎ উৎপাদন, পর্যটনশিল্প গড়ে তোলা, সুন্দরবন থেকে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং ডিপ সি পোর্ট নির্মাণেরও সুযোগ রয়েছে।
নারীদের ক্ষমতায়ন
ফ্যামিলি কার্ডের মাধ্যমে অবহেলিত নারীদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে চিফ হুইপ বলেন, ‘নারীদের ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা এবং উপবৃত্তির ব্যবস্থাও করা হয়েছে।’
এর আগে, বুধবার রাতে সরকারি সফরে বরগুনায় আসেন চিফ হুইপ। পরে গতকাল সকালে তিনি জেলা প্রশাসনের সঙ্গে নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন কর্মপরিকল্পনা নির্ধারণবিষয়ক সভায় অংশ নেন।



