চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার
চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলন্ত ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

চট্টগ্রামে ফ্লাইওভারের রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় কাউছার হামিদ নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর পাহাড়তলী থানাধীন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন ফ্লাইওভার থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

সিসিটিভি ফুটেজে যা দেখা গেছে

ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে ফ্লাইওভারের একটি লাইট পোস্টের সামনে উপস্থিত হয় কাউছার হামিদ। এ সময় রেলিংয়ের সঙ্গে একটি কাপড় বাঁধতে দেখা যায়। পরে সেই কাপড়টির অপরপ্রান্ত নিজের গলার সঙ্গে বেঁধে নেন তিনি। ১টা ২১ মিনিটের দিকে নিচে লাফ দিয়ে রেলিংয়ের সঙ্গে ঝুলে পড়েন কাউছার হামিদ। এ সময় ফ্লাইওভার দিয়ে একাধিক ভারি যানবাহন চলাচল করতেও দেখা গেছে।

ছাত্রলীগের নেতা ছিলেন কাউছার হামিদ

কাউছার হামিদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আকবরশাহ থানা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি বিএসআরএমের স্কট টিমে চাকরি করতেন। কাউছার হামিদ চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর মিস্ত্রিবাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। বর্তমানে আকবরশাহ থানার পশ্চিম ফিরোজশাহ এলাকায় থাকতেন। তিন ভাইয়ের মধ্যে তিনি মেজো ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার বলেন, ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে ২৭ বছরের কাউছার হামিদের লাশ ফ্লাইওভার থেকে উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পাহাড়তলী, আকবরশাহ ও রাউজান থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার), ছিনতাই, চাঁদাবাজি, মারামারিসহ ৭টি মামলা রয়েছে। তিনি মাদকাসক্ত বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ওসি আরও বলেন, মৃত কাউছারের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। এরপরও ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ