ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, রক্ষা পেলেন ৪০ যাত্রী
ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, রক্ষা পেলেন ৪০ যাত্রী

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় বাসের ধাক্কায় ময়না ইউনিয়ন পরিষদের সাবেক সচিব রিবুল হোসাইন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাসটির প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী।

দুর্ঘটনার বিবরণ

সোমবার (২২ জুন) সকাল পৌনে ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার করিমপুরের চাঁনপুর রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিবুল হোসাইন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামের সাজ্জাদ হোসেন ছবিবের ছেলে। তিনি বর্তমানে ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ময়না ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে তথ্য

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিবুল হোসাইন মোটরসাইকেলযোগে বোয়ালমারীস্থ নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে মাগুরা থেকে ছেড়ে আসা খান পরিবহণের একটি বাস পেছন দিক থেকে তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। একই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রত্যক্ষদর্শীর বক্তব্য

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, 'খান পরিবহণের বাসটি পেছন থেকে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। বাসটিতে প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। বাসটি খাদে পড়ে গেলেও তারা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।' তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শোক ও প্রতিক্রিয়া

ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল হক মৃধা জানান, 'রিবুল হোসাইন অত্যন্ত দক্ষ একজন সচিব ছিলেন, তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা রইলো।'