পূর্বধলায় এসিড নিক্ষেপে কিশোরসহ তিনজন দগ্ধ, দুইজন ময়মনসিংহে
পূর্বধলায় এসিড নিক্ষেপে কিশোরসহ তিনজন দগ্ধ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে লক্ষ্য করে এসিড ছোড়ার ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণ

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের শাহাবাজপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন- উপজেলার ইয়ারন গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শাকিল (১৭), তুলাবাইদ গ্রামের মৃত সমেশ আলীর ছেলে মো. সিরাজ এবং একই ইউনিয়নের মৃত বিপিনের ছেলে গৌরাঙ্গ (৬০)।

ঘটনার কারণ ও ধারাবাহিকতা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাবাজপুর বাজারে সাগর জুয়েলার্সের পাশের একটি কাপড়ের দোকানে অবস্থান করছিলেন শাকিল। এ সময় সাগর জুয়েলার্সের মালিকের ভাই মো. শামীমের (১৮) সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শামীম জুয়েলার্সের কাজে ব্যবহৃত এসিড শাকিলকে লক্ষ্য করে ছুড়ে মারেন বলে অভিযোগ। এতে শাকিলের পাশাপাশি ঘটনাস্থলে থাকা মো. সিরাজ ও গৌরাঙ্গও দগ্ধ হন। তাদের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসা ও বর্তমান অবস্থা

স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকের পরামর্শে শাকিল ও সিরাজকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সিরাজ বাড়ি ফিরে এলেও শাকিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযুক্তের বক্তব্য ও পুলিশের পদক্ষেপ

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. শামীম ও সাগর জুয়েলার্সের মালিক সাগর মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সোমবার সন্ধ্যায় বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এসিড অপরাধ দমন আইনসহ প্রযোজ্য আইনে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।