পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা এলাকা থেকে বিজিবির সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তির পরিচয় ও আইনি প্রক্রিয়া
গ্রেপ্তার অসীম বিশ্বাস (৪৩) মাগুরা সদর উপজেলার রাউতড়া এলাকার বাসিন্দা। গতকাল রাতেই তাঁকে বোদা থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। পরে বড়শশী বিওপির সুবেদার একাব্বর রহমান বাদী হয়ে তাঁর বিরুদ্ধে বোদা থানায় পাসপোর্ট আইনে একটি মামলা করেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার দুপুরে ওই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার বিবরণ ও জিজ্ঞাসাবাদ
বিজিবি জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে বড়শশী সীমান্তের ৭৭৮ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলার এলাকা থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অমরখানা এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন অসীম বিশ্বাস। এ সময় বিজিবির টহল দল তাঁকে আটক করে। বিজিবির জিজ্ঞাসাবাদে তিনি জানান, কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বোদা থানার পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
পুলিশের বক্তব্য
আজ দুপুরে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।



