আড়াইহাজারে ডাকাত দলের হামলায় সহকারী কমিশনারসহ ৬ আহত, লুট ২ লাখ ৭০ হাজার টাকা ও স্বর্ণালংকার
আড়াইহাজারে ডাকাত দলের হামলায় এসিল্যান্ডসহ ৬ আহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া একই ডাকাত দল পার্শ্ববর্তী এলাকার একটি বাড়ি থেকে ২ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী–আতাদী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আড়াইহাজার উপজেলার ধন্দী গ্রামের বাসিন্দা ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়ি এসেছিলেন। গতকাল রাতে বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসেছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাঁদের ওপর হামলা চালায়।

ধারালো অস্ত্রের আঘাতে এসিল্যান্ড সাকিব হাছান খাঁন, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) ও মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩) গুরুতর আহত হন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত ব্যক্তিদের প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় বাসিন্দারা জানান, ওই ঘটনার প্রায় এক ঘণ্টা পর একই ডাকাত দল পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকার সুমন নামের এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ২ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের হামলায় সহকারী কমিশনারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে হামলার সময় ডাকাতেরা তাঁদের কাছ থেকে কোনো মালামাল নিতে পারেনি বলে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান প্রথম আলোকে বলেন, ডাকাতেরা চলে যাওয়ার সময় যাঁকে সামনে পেয়েছে, তাঁকে কুপিয়ে পালিয়েছে। সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বুকে আঘাত পেয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।