গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমিক যুগলের একসঙ্গে বিষপানের ঘটনায় প্রেমিকা মিম আক্তারের মৃত্যুর পাঁচ দিন পর মারা গেলেন প্রেমিক পরশ প্রধানও। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় পরশ প্রধানের মৃত্যু হয়।
ঘটনার বিবরণ
এর আগে গত রোববার সকালে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকা মিম আক্তারের (১৯) মৃত্যু হয়। মৃত পরশ প্রধান উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের আব্দুল হামিদ প্রধানের ছেলে এবং মিম আক্তার একই গ্রামের শফিউল ইসলামের মেয়ে।
স্থানীয়দের বক্তব্য
স্থানীয়রা জানান, মিম আক্তারের সঙ্গে মোরসালিন হাসান পরশ প্রধান (২১) নামে এক যুবকের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। কয়েক মাস আগে মিম আক্তারের অন্যত্র বিয়ে হয়। এ বিয়ের পরও মিম ও পরশের মধ্যে গোপনে প্রেমের সম্পর্ক চলছিল। এরই মধ্যে মিম বাবার বাড়িতে বেড়াতে আসেন। একপর্যায়ে উভয়ের মধ্যে অভিমান সৃষ্টি হয়। এ অভিমান থেকে ১৭ এপ্রিল সকালের দিকে সবার অগোচরে দুজনই বিষপান করেন।
এরপর স্বজনরা বুঝতে পেরে মিম আক্তারকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে ১৯ এপ্রিল সকালের দিকে পরশ প্রধানকে চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রশাসনের বক্তব্য
এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা বলেন, কয়েক দিন আগে বিষপানে জয়েনপুর গ্রামের মিম আক্তার নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। এরপর একই ঘটনায় শুক্রবার সকালে পরশ প্রধানের মৃত্যু হয়েছে বলে লোকমুখে শুনেছি।
সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুল ইসলাম বলেন, এর আগে মিম আক্তার নামের এক তরুণীর হাসপাতালে মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। তবে পরশ প্রধানের মৃত্যুর ব্যাপারটি এখনো জানা নেই।



