মানিকগঞ্জের সিংগাইরে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক রাজিব হোসেন (৪০) নামের এক যুবক গণপিটুনিতে মারা গেছেন। রোববার (৭ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজিব পার্শ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের ফুলবরের ছেলে।
ঘটনার বিবরণ
স্থানীয়রা জানান, চোরের একটি সংঘবদ্ধ দল রাত ২টার দিকে বান্দাইল জিয়ানগর গ্রামের হাকিম আলীর বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় চোর দলের সদস্য রাজিব বাড়ির উত্তর পাশের ঘরের জানালার গ্রিল কেটে প্রবেশ করে বাড়ির মালিককে ভয়ভীতি প্রদর্শন করে নগদ প্রায় ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট করে তার সহযোগীদের কাছে পৌঁছে দেয়। পরবর্তীতে বাড়ির মালিক সুযোগ বুঝে তাকে আটক করার চেষ্টা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয় এবং তিনি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রাজিবকে আটক করে গণপিটুনি দেন। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
আহত বাড়ির মালিক
ধস্তাধস্তির সময় বাড়ির মালিক হাকিম আলী মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের বক্তব্য
সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, চুরি করতে গিয়ে ধরা পড়ে জনতার হাতে আটক হয়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ ও পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।



