মানিকগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু
মানিকগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ডাকাতির অভিযোগে স্থানীয় লোকজনের পিটুনিতে রাজীব হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার শায়েস্তা ইউনিয়নের বান্দাইল জিয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন আরও এক ব্যক্তি।

নিহতের পরিচয় ও ঘটনার বিবরণ

নিহত রাজীব ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড এলাকার ফুলবর আলীর ছেলে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত দুইটার দিকে ডাকাত দলের ছয় থেকে সাতজন সদস্য দেশি ধারালো অস্ত্র নিয়ে বান্দাইল জিয়ানগর গ্রামে হাকিম আলীর বাড়িতে হানা দেন। তাঁরা বাড়ির উত্তর পাশের একটি জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে গৃহকর্তা হুকুম আলীকে ভয়ভীতি দেখান। এ সময় ডাকাত দলের সদস্য রাজীব ঘরের ভেতর থেকে অর্থ ও স্বর্ণালংকার নিয়ে বাইরে অন্যান্য ডাকাত সদস্যদের কাছে দেন।

একপর্যায়ে গৃহকর্তা হাকিম আলী রাজীবকে আটক করার চেষ্টা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় গৃহকর্তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় উত্তেজিত লোকজন রাজীবকে আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আহতের অবস্থা

ধস্তাধস্তির সময় গৃহকর্তা হাকিম আলী মাথায় আঘাতপ্রাপ্ত হন। তাঁকে প্রথমে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভুক্তভোগী পরিবারের বক্তব্য

আজ সোমবার দুপুর ১২টার দিকে আহত হাকিম আলীর বড় ভাই হুকুম আলী বলেন, রাত দুইটার দিকে একদল ডাকাত তাঁর ভাইয়ের বাড়িতে হানা দেয়। এক ডাকাত সদস্য বাড়ি থেকে প্রায় চার লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করে বাইরে থাকা সহযোগীদের দেয়। এরপর এক ডাকাত সদস্যকে আটক করা হয়। খবর পেয়ে এলাকাবাসীসহ আশপাশের লোকজন জড়ো হয়ে আটক ডাকাত সদস্যকে পিটুনি দেন। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

হুকুম আলী আরও বলেন, 'আমরা সবাইকে ডাকাত সদস্যকে মারতে নিষেধ করি। প্রশাসনের হাত সোপর্দ করার কথা বলি। কিন্তু কেউ কথা শোনেননি। গ্রামবাসীসহ আশপাশের গ্রামের লোকজন একত্র হয়ে ডাকাত সদস্যকে পিটুনি দেন।'

পুলিশের বক্তব্য

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আজ ভোরে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি ডাকাতি নয়, চুরির ঘটনা হতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। পিটুনিতে হত্যার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান।