টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে এক বাবা ও তার মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকালে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের মো. আয়নাল হকের ছেলে খালিদুল ইসলাম (৩০) এবং তার মেয়ে খাদিজা আক্তার (১০)।
ঘটনার বিবরণ
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার খালিদুল ইসলাম স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে যান। পরে দুপুরে পাশের মেরুয়াঘোনা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে রওনা দেন। পথে শাহদারিপাড়া এলাকায় পৌঁছে অটোরিকশা থেকে নামার সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন খালিদুল ও তার মেয়ে খাদিজা।
উদ্ধার ও মৃত্যু
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এদিকে একই সময়ে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে আসব খানের দুটি গরুও বজ্রপাতে মারা গেছে বলে জানা গেছে।
দেলদুয়ার থানার ওসি মোহাম্মদ সাখাওয়াত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



