বগুড়ায় ডাকাতি প্রস্তুতিকালে পিস্তল-মাদকসহ গ্রেফতার ৪
বগুড়ায় ডাকাতি প্রস্তুতিকালে পিস্তল-মাদকসহ গ্রেফতার ৪

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল, দেশীয় অস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে উপজেলার চৌমুহনী তিশিগাড়ী এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

প্রেস ব্রিফিংয়ে তথ্য

শুক্রবার (৫ জুন) দুপুরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ সদস্যের একটি ডাকাত দল পালানোর চেষ্টা করে। ধাওয়া করে চারজনকে আটক করা সম্ভব হয়।

আটক ব্যক্তিদের পরিচয়

আটকরা হলেন— বগুড়ার কাহালু উপজেলার পুগইল গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে ইমরান হোসেন (৩০), দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের নবাব আলীর ছেলে মো. সোহেল (২৮), কাহালু উপজেলার চাঁনপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাব্বী হাসান (২১) ও একই উপজেলার পাঁচপীর নলঘড়িয়া গ্রামের আব্বাস আলীর ছেলে আবদুল হালিম (২০)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার করা অস্ত্র ও মাদক

তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রিভলবার, একটি চায়নিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি গামছা উদ্ধার করা হয়।

ডাকাত দলের সক্রিয় সদস্য

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান জানান, আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। পুলিশের তাৎক্ষণিক অভিযানের কারণে একটি বড় ধরনের ডাকাতির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতরা স্বীকার করেছে যে, তারা সম্প্রতি শিবগঞ্জ ও নন্দীগ্রাম থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনগত ব্যবস্থা ও অভিযান

দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, আটক ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।