খাগড়াছড়ির রামগড়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফের তিন সদস্যকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন সুইথোয়াই মারমা (৩৫), রনেল চাকমা (২৮) ও রাজু মারমা ওরফে সাচিং (১৯)। এদের মধ্যে সুইথোয়াই মারমা গুলিবিদ্ধ হয়ে আহত হন।
অভিযানের বিবরণ
পুলিশ জানায়, রনেল চাকমা ইউপিডিএফের কালেক্টর এবং অপর দুজন সংগঠনটির সদস্য। তারা রামগড় ও গুইমারার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৫ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনী ও রামগড় থানার পুলিশ যৌথভাবে একটি বিশেষ অপারেশন পরিচালনা করে।
এ সময় সন্ত্রাসীরা আইনশৃঙ্খলাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পালটা গুলিবর্ষণ করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশিকালে সুইথোয়াই মারমাকে গুলিবিদ্ধ অবস্থায় এবং কালেক্টর রনেল চাকমা ও রাজু মারমাকে আটক করা হয়। আটক রনেল চাকমার কাছ থেকে একে-২২ রাইফেল, ৫ রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন জব্দ করা হয়।
আহতের চিকিৎসা
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গোলাগুলির সময় ডান কাঁধে গুলিবিদ্ধ হয়ে আহত সুইথোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম বলেন, অস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।



