ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ২
ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ২

ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা দিয়ে পিকআপের চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে ভাঙ্গা উপজেলার পুলিয়া ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিহত দুজন হলেন পিকআপের চালক লালমনিরহাট সদর উপজেলার বৈরাগী কুমার এলাকার প্রবীর রায় (৩৬) এবং তাঁর সহকারী (হেলপার) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারিঝার এলাকার আবদুল হাকিমের ছেলে জুয়েল (১৭)।

দুর্ঘটনার বিবরণ

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একটি বড় কাভার্ড ভ্যান বিকল হয়ে রাস্তার ডান পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা ঢাকাগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা বড় গাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষে পিকআপটির সামনের অংশ বড় কাভার্ড ভ্যানে ঢুকে যায়। এতে পিকআপটির চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার ও মৃত্যু

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। সেখান থেকে ওই দুজনকে উদ্ধার করে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি ভ্যান সরিয়ে এক পাশে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এক্সপ্রেসওয়ের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বড় কাভার্ড ভ্যানের পেছনে ঢাকাগামী মিনি কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।