মিরসরাইয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু
মিরসরাইয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। প্রতিবেশীর বাসায় যাওয়ার জন্য সড়ক পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হন তিনি। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের বারইয়ারহাট কলেজ গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম আজমা বেগম সিরাজী (৬০)। তিনি ফেনী পৌর সদরের দক্ষিণ চড়িপুর এলাকার ইফতেখার আহমেদের স্ত্রী। দীর্ঘদিন ধরে বারইয়ারহাট কলেজ গেট এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে তাঁর পরিবার।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দোকানি মো. হারুন উর রশিদ বলেন, রাতে আজমা বেগম এক প্রতিবেশীর বাসায় যাওয়ার জন্য সড়ক পার হচ্ছিলেন। এ সময় শান্তি পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে চাপা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ