চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ধান শুকানো নিয়ে বিরোধের জেরে চাচার কিরিচের কোপে ভাতিজার মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ হাসান (৩২) একই এলাকার বশির আহমদের ছেলে। অভিযুক্ত চাচা নাছির উদ্দিন (৫৯) ঘটনার পর থেকে পলাতক।
ঘটনার বিবরণ
গতকাল মঙ্গলবার বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও মাধবীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, এক গৃহিণী বাড়ির পাশের সড়কে ধান শুকাতে দিয়েছিলেন। মানুষের হাঁটাচলায় কষ্ট হচ্ছে বলে অভিযোগ তুলে প্রথমে ওই এলাকার একজনের সঙ্গে তাঁর তর্কাতর্কি হয়। পরে এ তর্কাতর্কিতে দুই পক্ষে অবস্থান নেন দুই ভাই বশির আহমদ ও নাছির উদ্দিন। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি বাঁধে। মারামারির সময় নাছির উদ্দিন কিরিচ দিয়ে আঘাত করলে বশির আহমদের ছেলে মোহাম্মদ হাসান গুরুতর আহত হন। আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পারিবারিক বিরোধের ইতিহাস
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বশির আহমদ ও তাঁর ভাই নাছির উদ্দিনের মধ্যে বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাঁদের মধ্যে একাধিক সালিসি বৈঠক ও মামলাও হয়েছে। তবে সমাধান হয়নি। সর্বশেষ অন্য দুই ব্যক্তির তর্কাতর্কিতে নিজেরা যুক্ত হয়ে মারামারি থেকে খুনের ঘটনা ঘটল। ঘটনার পর থেকেই দুই পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
প্রতিক্রিয়া
জানতে চাইলে সাধনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কে এম সালাহউদ্দিন কামাল বলেন, ‘ঘটনার পর সকালে আমরা ঘটনাস্থলে যাই। ওই সময় কোনো ঘরে কেউ ছিল না। পারিবারিক দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে।’ বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘রাস্তায় ধান শুকানো নিয়ে প্রতিবেশীদের তর্কাতর্কিতে গিয়ে দুই ভাই ও তাঁদের পরিবারের লোকজন জড়িয়ে পড়েন। একপর্যায়ে মারামারি হলে একজনের মৃত্যু হয়। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করছি।’



