ভারতে কারাভোগ শেষে ৫০ বাংলাদেশি দেশে ফিরেছেন
ভারতে কারাভোগ শেষে ৫০ বাংলাদেশি দেশে ফিরেছেন

ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ৫০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। গতকাল রোববার রাত নয়টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে তারা বেনাপোল দিয়ে দেশে প্রবেশ করেন।

ফেরত আসা ব্যক্তিদের পরিচয়

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। তাদের বাড়ি যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও চাঁদপুর জেলায়।

ফিরোজ মাহমুদের অভিজ্ঞতা

ফেরত আসা ফিরোজ মাহমুদ বলেন, ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথ দিয়ে তিনি ভারতের তামিলনাড়ু গিয়েছিলেন। সেখানে বাসাবাড়ি, গার্মেন্টস কারখানা ও ইটভাটায় কাজ করতেন। ভারতীয় পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়। অনুপ্রবেশের দায়ে সেখানকার আদালত তাকে তিন বছরের সাজা দিয়ে কারাগারে পাঠান। কারাভোগ শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাকে জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তিনি দেশে ফিরেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইমিগ্রেশন পুলিশের বক্তব্য

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ৫০ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়। সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে দুটি মানবাধিকার সংস্থার জিম্মায় তাদের হস্তান্তর করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মানবাধিকার সংস্থার ভূমিকা

মানবাধিকার সংস্থা যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের আঞ্চলিক ব্যবস্থাপক অপূর্ব কুমার সাহা বলেন, অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গিয়ে ৫০ জন নারী–পুরুষ তামিলনাড়ু রাজ্যের পুলিশের হাতে আটক হন। ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে ৪ জন নারী ও ৪৬ জন পুরুষ। চারজন নারীকে জাস্টিস অ্যান্ড কেয়ার এবং ৪৬ জন পুরুষকে রাইটস যশোর নামে আরেকটি মানবাধিকার সংস্থা গ্রহণ করে পরিবারের কাছে দিয়েছে।