রামগঞ্জ যুবদল সম্পাদকের বাড়িতে গুলিবর্ষণ, ভিডিও ভাইরাল
রামগঞ্জ যুবদল সম্পাদকের বাড়িতে গুলিবর্ষণ, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুস ছাত্তার মজুমদারের বাড়িতে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (২১ জুন) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি একই দিন সকাল ১০টার দিকে রামগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় সংঘটিত হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, সুমন মজুমদার নামে এক ব্যক্তি হাতে পিস্তল নিয়ে আবদুস ছাত্তার মজুমদারের বাড়ির দিকে কয়েক রাউন্ড গুলি ছুড়ছেন। এ সময় তার পেছনে থাকা এক নারী তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। শুধু গুলিবর্ষণই নয়, বাড়ির বারান্দার জানালার কাচ ভাঙচুর করতেও দেখা যায় তাকে। পুরো সময়জুড়ে অভিযুক্তকে উচ্চস্বরে গালাগাল করতে শোনা যায়।

পরিবারিক বিরোধের জের

স্থানীয়দের ভাষ্য, অভিযুক্ত সুমন মজুমদার যুবদল নেতা আবদুস ছাত্তার মজুমদারের আপন ছোট ভাই। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেয়নি। গুলিবর্ষণের সময় যুবদল নেতা আবদুস ছাত্তার মজুমদার বাড়িতে উপস্থিত ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনগত ব্যবস্থা

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, 'ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।' প্রতিক্রিয়া জানতে উপজেলা যুবদলের সেক্রেটারি আবদুস ছাত্তার মজুমদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয়দের অভিযোগ

স্থানীয়দের অভিযোগ, হামলার সময় বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং অস্ত্র প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করা হয়। আবদুস ছাত্তার মজুমদার বর্তমানে রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব এবং লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।