পাকিস্তানে জিও নিউজের সম্প্রচার ১৫ দিন স্থগিত, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ
পাকিস্তানে জিও নিউজের সম্প্রচার ১৫ দিন স্থগিত

পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা (পেমরা) দেশটির শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজের লাইসেন্স ও সম্প্রচার ১৫ দিনের জন্য স্থগিত করেছে। শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়, যা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

ধর্মীয় অনুষ্ঠানে আপত্তিকর দৃশ্য প্রদর্শনের অভিযোগ

পেমরা জানিয়েছে, গত ১০ই মহররমের বিশেষ সম্প্রচারে জিও নিউজ ‘সফর-ই-ইশকে’ শিরোনামে একটি অনুষ্ঠান প্রচার করে। সেখানে এমন কিছু দৃশ্য দেখানো হয়েছিল যা দর্শকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং সামাজিক সম্প্রীতি বিনষ্ট করে জনমনে বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। এই গুরুতর নিয়ম লঙ্ঘনের দায়ে চ্যানেলটির স্যাটেলাইটসহ সব ধরনের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ও প্ল্যাটফর্মের সম্প্রচার ১৫ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পেমরার ‘কাউন্সিল অফ কমপ্লেনটস’ বিভাগে পাঠানো হয়েছে।

জিও নিউজের ক্ষমা প্রার্থনা ও ব্যাখ্যা

এই ঘটনার পর জিও নিউজ তাদের ওয়েবসাইটে এক বার্তায় এটিকে একটি ‘সম্পাদকীয় ভুল’ হিসেবে স্বীকার করে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছে। চ্যানেল কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে বিতর্কিত ওই ফুটেজটি তাদের নিজস্ব কোনো সম্পাদকীয় অবস্থান বা নীতিকে প্রকাশ করে না। ‘সফর-ই-ইশকে’ অনুষ্ঠানে মূলত ইরাক ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে প্রচলিত স্থানীয় কিছু রীতিনীতি দেখানো হয়েছিল, যা কোনো নির্দিষ্ট ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে সমর্থন বা প্রচারের উদ্দেশ্যে করা হয়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পটভূমি ও প্রভাব

২০০২ সালে যাত্রা শুরু করা জিও নিউজ পাকিস্তানের অন্যতম জনপ্রিয় নিউজ চ্যানেল। তবে দেশটির সংবেদনশীল ধর্মীয় আবহ ও কঠোর সম্প্রচার নীতির কারণে এবার এই বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়লো তারা। পেমরার এই সিদ্ধান্ত পাকিস্তানের গণমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সূত্র: আরব নিউজ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ