ফ্যাসিবাদী ও মাফিয়াতন্ত্রীদের দেশ ও জাতিসত্ত্বাবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। তিনি মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে মিরপুর, পল্লবী ও কাফরুল জোন জামায়াত আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন।
বিক্ষোভ মিছিলের পথ ও উপস্থিত নেতৃবৃন্দ
বিক্ষোভ মিছিলটি মিরপুর ১০ নং গোলচত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নাসির উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মো: শহিদুল্লাহ ও শাহ আলম তুহিন প্রমুখ।
ফ্যাসিবাদী আমলের অত্যাচারের বিচার দাবি
মাহফুজুর রহমান বলেন, ফ্যাসিবাদী আমলের প্রায় ১৬ বছরে আওয়ামী লীগ সারাদেশে গুম, খুন ও নৈরাজ্যের অভয়ারণ্যে পরিণত করেছিলো। কিন্তু জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে বাকশালী ও মাফিয়াতন্ত্রীদের শেষ রক্ষা হয়নি; বরং ছাত্র-জনতার ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলনে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। তবে বাকশাল পতনের দুই বছর অতিক্রান্ত হলেও এই ফ্যাসিস্ট দলের কোনো নেতা-কর্মীর বিচারই দৃশ্যমান হয়নি। বরং একের পর এক মামলায় জামিন ও চিহ্নিত গডফাদারদের ছেড়ে দিয়ে দেশকে আবারও হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
সরকারের দুর্বল নীতি ও নতুন করে ফ্যাসিবাদের উত্থান
সরকারের দুর্বল ও তোষণনীতির কারণে আওয়ামী জোটের সাবেক মন্ত্রী সন্ত্রাসী হাসানুল হক ইনু আদালতে হুমকি দিয়ে কথা বলার সাহস পাচ্ছেন। কিন্তু সচেতন জনতা তাদের চক্রান্ত ও ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না। তিনি নতুন করে ফ্যাসিবাদের উত্থান মোকাবিলায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



