চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ফেসবুকে ‘সবাই ক্ষমা করে দিয়েন আমাকে’ লিখে স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পরই এক তরুণের মরদেহ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছিলেন তানভির
মৃত মোহাম্মদ তানভির হোসেন (৩০) রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের ফুলগাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছিলেন এবং কুরবানির ঈদ উপলক্ষ্যে ছুটিতে দেশে এসেছিলেন। শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর কারণ আমার চাচা শ্বশুর। এত বড় অপবাদ না দিলেও পারতে। সবাই ক্ষমা করে দিয়েন আমাকে। ভালো থেকো প্রিয় বউ। সবকিছু শেষ আমার।’
ঘটনার বিবরণ
স্ট্যাটাসটি প্রকাশের পর পরিচিতজনদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বাড়ির পাশের কর্ণফুলী নদীর চরের একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্বজনরা দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় প্রতিক্রিয়া
মরিয়মনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তানভিরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পরিবেশ। প্রতিবেশীদের ভাষ্য— হাসি-খুশি ও ভদ্র স্বভাবের তানভিরের এমন মৃত্যু তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
তদন্তের উদ্যোগ
ফেসবুক স্ট্যাটাসে তানভির যে অভিযোগ করেছেন, তার সত্যতা এখনো নিশ্চিত হয়নি। অভিযুক্ত ব্যক্তির বক্তব্যও পাওয়া যায়নি। রাঙ্গুনিয়া থানার ওসি জহির উদ্দিন বলেন, ‘ঘটনাটির প্রকৃত কারণ এবং ফেসবুক স্ট্যাটাসে উল্লিখিত অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।’



