বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, যদি বিএনপির কোনো নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত থাকে আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমরা প্রশাসনের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করব।
মাদকবিরোধী শোভাযাত্রায় প্রধান অতিথি
শনিবার (২০ জুন) দুপুরে জামালপুর জেলা বিএনপি আয়োজিত মাদক বিরোধী শোভাযাত্রাপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়ারেছ আলী মামুন আরও বলেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের দোসররা আবার সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সরকারবিরোধী কার্যক্রমে সক্রিয় হয়ে উঠেছেন। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ প্রকাশ্যে কোনো মিছিল, সমাবেশ করতে পারে না। যদি তারা তাদের কার্যক্রম করার চেষ্টা করে আমরা তা প্রতিহত করব। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তারা
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুল হক খান দুলাল, লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন।
শোভাযাত্রা
সমাবেশ শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মাদক বিরোধী শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।



