যশোরের চৌগাছায় আতিয়ার রহমান (৪২) নামে এক বিএনপি নেতার ছেলের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর বাঁওড়ের সিংহঝুলী ইউনিয়নের খালে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণ
নিহত আতিয়ার চৌগাছার লস্কারপুর গ্রামের ছবেদ আলীর ছেলে। ছবেদ আলী চৌগাছা সদর ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য। শারীরিক প্রতিবন্ধী আতিয়ার বেড়গোবিন্দপুর বাঁওড়ে পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতেন। একইসঙ্গে বাঁওড়ের পাশে থাকা তার একটি গভীর নলকূপের মাধ্যমে কৃষি ও সেচ কার্যক্রম পরিচালনা করতেন।
ছবেদ আলী জানিয়েছেন, আতিয়ার প্রতিদিন সকালে বাড়ি গেলেও রোববার যায়নি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। বিকাল ৫টার দিকে তার নাতি (নিহতের ভাতিজা) হাসান (২৬) বেড়গোবিন্দপুর বাঁওড়ের ক্যানেলের কচুরিপানার নিচে পানিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়। তার চিৎকারে অন্যান্য লোকজন ঘটনাস্থলে গিয়ে চৌগাছা থানা পুলিশে সংবাদ দেন।
সন্দেহভাজন ব্যক্তি জিজ্ঞাসাবাদে
এ ঘটনায় সন্দেহজনকভাবে ফতেপুর গ্রামের হাফিজুরের ছেলে ওসমান আলীকে (৩০) ধরে মারপিট করেন নিহতের স্বজনরা। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আতিয়ার শারীরিক প্রতিবন্ধী। তিনি বাঁওড় পাহারার কাজে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাঁওড় থেকে মাছ চুরির কোনো ঘটনাকে কেন্দ্র করে এমনটি হতে পারে।
তদন্ত ও ময়নাতদন্ত
তিনি আরও বলেন, আমরা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের আটকে অভিযান চালাচ্ছি। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।



