প্রধান শিক্ষককে জুতাপেটার অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ
প্রধান শিক্ষককে জুতাপেটায় বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ঘটনার সূত্রপাত ও দলীয় পদক্ষেপ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুর রহমানকে জুতা দিয়ে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে স্থানীয় বিএনপি নেতা হারুনুর রশিদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। একই সঙ্গে অভিযোগটি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত হারুনুর রশিদ আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি।

নোটিশ ও তদন্ত কমিটি

গতকাল শুক্রবার সন্ধ্যায় রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাহেদ মো. সাহিদুল আকরামের সই করা কারণ দর্শানোর নোটিশ এবং পৃথক অফিস আদেশে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামরুজ্জামান জুয়েলকে। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রধান শিক্ষকের অভিযোগ

এর আগে গতকাল সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক আজাদুর রহমান অভিযোগ করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে ২১ জুন দুপুর সাড়ে ১২টার দিকে হারুনুর রশিদ তাঁর সঙ্গে কথা-কাটাকাটি করেন এবং পরে তাঁকে জুতা দিয়ে মারধর করেন। এ ঘটনায় তিনি ২২ জুন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছেও জমা দেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযুক্তের বক্তব্য

তবে হারুনুর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, প্রধান শিক্ষকের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই এ অভিযোগ করা হয়েছে। তিনি কারণ দর্শানোর নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দলীয় প্রতিক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ

রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে ইউনিয়ন বিএনপির একটি সূত্র জানিয়েছে, প্রধান শিক্ষকের অভিযোগ দলীয়ভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেই হারুনুর রশিদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁর লিখিত জবাব পাওয়ার পর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল গতকাল রাত সাড়ে আটটার দিকে বলেন, তিনি কারণ দর্শানোর নোটিশের অনুলিপি হাতে পেয়েছেন।

পূর্ববর্তী ঘটনা

এর কয়েক ঘণ্টা আগে, গতকাল বিকেলে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলনে করা অভিযোগ নিয়ে প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এরপর দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ ও তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।