চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল এবং অজ্ঞাত স্থানে কেক কেটে উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৩ জুন) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দিবাগত রাত ১২টার পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকজন যুবলীগ নেতাকর্মী মোটরসাইকেলযোগে স্লোগান দিতে দিতে মিছিল করছেন। মিছিল শেষে ৭-৮ জনের একটি দল অজ্ঞাত স্থানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। তবে অংশগ্রহণকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ছাত্রলীগের পৃথক মিছিল ও কেক কাটা
এছাড়া সোমবার দিনের কোনো এক সময়ে উপজেলা ছাত্রলীগের ব্যানারে অর্ধশতাধিক নেতাকর্মীর মিছিল ও কেক কাটার আরেকটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক দল ও পুলিশের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ছাত্রশিবিরের উদ্বেগ
ফটিকছড়ি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাঈম উদ্দিন বলেন, “নিষিদ্ধ সংগঠনের সব ধরনের অপতৎপরতা রুখে দিতে ছাত্রশিবির সবসময় প্রস্তুত রয়েছে। তবে এ ঘটনায় থানা পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তাদের তৎপরতা কম বলে মনে হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করার খবরও শুনিনি।”
যুবদলের প্রতিক্রিয়া
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইকবাল লাভলো বলেন, “নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এমন প্রকাশ্য তৎপরতা উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনীর উচিত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।”
পুলিশের বক্তব্য
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান যুগান্তরকে বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।”



