মামুনুল হক ইস্যুতে স্পিকারের মন্তব্যের নিন্দা খেলাফত মজলিসের
মামুনুল হক ইস্যুতে স্পিকারের মন্তব্যের নিন্দা খেলাফত মজলিসের

বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা মামুনুল হককে নিয়ে বিএনপিপন্থী এক সংসদ সদস্যের বক্তব্য এবং স্পিকারের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দলটি স্পিকারের মন্তব্যকে ‘বিভ্রান্তিকর ও দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে তা প্রত্যাহার ও দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে।

যৌথ বিবৃতিতে নিন্দা

বৃহস্পতিবার রাতে দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন। বিবৃতিতে নেতারা বলেন, পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মাওলানা মামুনুল হককে সংসদে যেতে দেওয়া হয়নি। আজ তিনি সংসদে উপস্থিত না থাকলেও সংসদের ভেতরে তাঁকে নিয়েই আলোচনা হচ্ছে। এতে প্রতীয়মান হয়, কিছু রাজনৈতিক মহল এখনো তাঁকে ভয় পায় এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুরোনো অপপ্রচার ও বিভ্রান্তিকর বয়ান পুনরুজ্জীবিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

মামুনুল হকের নির্দোষ প্রমাণ

বিবৃতিতে দাবি করা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা একটি মামলায় আদালতের বিচারে মামুনুল হক নির্দোষ প্রমাণিত হয়েছেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও এসেছে। এরপরও স্পিকার ওই ঘটনাকে ‘পরকীয়া’ ও তাঁর জীবনের ‘অন্ধকার অধ্যায়’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন, ‘মামুন সাহেব বিষয়টি স্পষ্ট করতে পারেননি।’ এ ধরনের মন্তব্য বিস্ময়কর, অনভিপ্রেত ও দুঃখজনক বলে উল্লেখ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরস্পরবিরোধী অবস্থান

একদিকে সংশ্লিষ্ট সংসদ সদস্যের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও অন্যদিকে স্পিকার নিজেই একই বিষয়ে অজ্ঞতাপ্রসূত ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। এটি কেবল পরস্পরবিরোধী অবস্থানই নয়; বরং স্পিকারের নিরপেক্ষতা সম্পর্কেও জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে বলে দলটি মনে করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্পিকারের প্রতি আহ্বান

স্পিকারকে তাঁর মন্তব্য প্রত্যাহার করে জাতির সামনে ব্যাখ্যা দেওয়া ও দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের নেতারা। তাঁরা বলেন, অন্যথায় এ ঘটনায় জনমনে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তার রাজনৈতিক ও নৈতিক দায় স্পিকারকেই বহন করতে হবে।

বিক্ষোভ মিছিল

এদিকে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদে মামুনুল হকের বিরুদ্ধে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বিভিন্ন শাখার উদ্যোগে রাতে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, উত্তরা ৪ নম্বর সেক্টরসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে।