সংবাদ প্রকাশ করলে ‘খবর’ আছে: এমপি মোবাশ্বেরের হুমকি
সংবাদ প্রকাশ করলে ‘খবর’ আছে: এমপি মোবাশ্বেরের হুমকি

কুমিল্লার নাঙ্গলকোটে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও বিতর্কিত বক্তব্য দিয়েছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। সংবাদ প্রকাশ করলে তিনি সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।

মতবিনিময় সভায় এমপির বক্তব্য

শুক্রবার দুপুরে উপজেলা মিনি হলরুমে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘আমি আপনাদের সহযোগিতায় এমপি হই নাই। গত ১৭ বছর আপনাদের কাউকে দেখি নাই নাঙ্গলকোট নিয়ে নিউজ করতে। ৫৮ মাস আমার ক্ষমতা আছে। আমি যেভাবে চাই, সেভাবে চলতে হবে।’

সভায় তিনি নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লাকে বারবার ‘ফ্যাসিস্টের দোসর’ বলে উল্লেখ করেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। একপর্যায়ে তাকে ক্ষমা চাইতেও বলেন। এ সময় অন্য সাংবাদিকরা বক্তব্য দিতে চাইলে তাদেরও ধমক দিয়ে থামিয়ে দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাংবাদিকতা নিয়ে প্রশ্ন

এছাড়াও বিএনপির সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়ার সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলে মজিবুর রহমান মোল্লার সাংবাদিকতা নিয়েও প্রশ্ন তোলেন এমপি। তিনি বলেন, ‘আমি চাইলে আপনি সাংবাদিকতা করতে পারবেন না। ইত্তেফাক কর্তৃপক্ষকে বলব আপনাকে বাদ দিয়ে বিএনপি-জামায়াতের কাউকে দিতে।’

সভা শেষে হুমকি

সভা শেষে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘এখানে যা কথা হয়েছে, তা যেন এখানেই সীমাবদ্ধ রাখা হয়। কোনো সাংবাদিক যদি সংবাদ প্রকাশ করে, তার খবর আছে। তাকে দেখে নেওয়া হবে। তার কাছ থেকে গত ১৭ বছরের হিসাব নেওয়া হবে।’

সাংবাদিকদের অভিযোগ

সভায় উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, এমপি বিভিন্ন সাংবাদিককে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন এবং কাউকে মতামত প্রকাশের সুযোগ দেননি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভায় উপস্থিত সাংবাদিকদের ভাষ্য, তারা কথা বলার সুযোগ না পাওয়ায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। তবে এমপির সম্মান রক্ষার্থে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানানো থেকে বিরত ছিলেন অনেকেই। সাংবাদিকদের প্রতি একজন সংসদ সদস্যের এমন আচরণে স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।