কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেছেন, ‘রাজনীতিবিদরা নিজেরা খাই আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়।’ রোববার (৩ মে) নাঙ্গলকোট উপজেলা পরিষদের হল রুমে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের ভিডিওটি ভাইরাল হয়।
ভাইরাল ভিডিওতে যা বলেছেন এমপি
ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমার পাশেদি বসে ৯০ পারসেন্ট এডা-ওইডা খায়, আমি কেমনে মাদকবিরোধী বক্তৃতা দেই? আইসাই উনারা বক্তৃতা দেয় এলাকাকে মাদকমুক্ত করবে। আরে মিয়া হয়তো খাইয়া আইছো, নইলে যাইয়া খাইবা। তোমাদেরকে মাল হেডা আমি চিনি না, হ্যাঁ? আর আমরা জানি না?’
শিক্ষিত ও বিবেকবান হওয়ার আহ্বান
তিনি বলেন, আপনি যখন শিক্ষিত হবেন, আপনি যখন বিবেকবান হবেন, তখন আপনি এদেরকে ধরতে পারবেন। আপনি এখন ধরতে পারবেন প্রিন্সিপালরে? কইব আন্নের হোলাও তো খায়, আন্নে কইত্তাই আইছেন। একজনে কয় যে এই তুই ইয়ানো কিতা করোস, কয় আঁই যিডা করি আন্নের হুতেও হেইডা করে।
এমপির এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে। অনেকে তার বক্তব্যের সমালোচনা করলেও কেউ কেউ মাদক সমস্যা সমাধানে সৎ ও সাহসী বক্তব্য হিসেবে দেখছেন। তবে মাদকবিরোধী প্রচারণায় রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।



