যশোরে যুবলীগের মিছিল মামলায় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জন আসামি
যুবলীগ মিছিল মামলায় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জন আসামি

যশোরে যুবলীগের ব্যানারে রাতের আঁধারে সরকারবিরোধী মিছিল করার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী, পাঁচ এমপি, মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৮০-১০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণ

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কোতোয়ালি থানার এসআই আশরাফ উদ্দিন এ মামলা করেছেন। মামলার আসামিরা হলেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সাবেক এমপি রণজিৎ রায়, যশোর-৫ (মনিরামপুর) আসনের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-৩ (সদর) আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদ, যশোর-৫ (মণিরামপুর) আসনের সাবেক এমপি ইয়াকুব আলী, যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফন্টু চাকলাদার, যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার, যুবলীগের সাবেক নেতা শহীদুজ্জামান বাবু ওরফে দাতাল বাবু, শেখ আতিকুর রহমান বাবু ওরফে জার্মান বাবু, যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ার ইয়াকুব আলীর ছেলে ফাহিম মোল্লা, সাবেক এমপি রণজিত রায়ের ছেলে রাজীব রায়, সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছেলে শুভ ভট্টাচার্য, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, জাহিদুল ইসলাম লাবুসহ আরও অনেকে।

এজাহারে যা বলা হয়েছে

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের রাস্তা আজিজ সিটি রোডে একত্রিত হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। মোমবাতি ও হারিকেন জ্বালিয়ে ৮০ থেকে ১০০ জন নেতাকর্মী সরকারবিরোধী নানা ধরনের স্লোগান দেয়। সংবাদ পেয়ে সেখানে পুলিশ গেলে আসামিরা ছত্রভঙ্গ হয়ে যায়। এদের মধ্যে প্রথম ১৩ জন নিষিদ্ধ সংগঠনের গডফাদার ও অর্থ যোগানদাতা। বাকি ২৭ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য, সন্ত্রাসী এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়ায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার ৯ জন কারাগারে

এদিকে, গত ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে ও রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে যশোরে যুবলীগের দুটি কর্মসূচি পালন হয়েছে বলে দাবি করে ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখানো হয়, শহরের গরীবশাহ রোডে মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। এছাড়া একই পেজে যুবলীগের কর্মসূচি দাবি করে আরও একটি ভিডিও প্রচার করা হয়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসায় মিছিলে অংশ নেওয়া ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার মধ্যরাত পর্যন্ত পুলিশের একাধিক টিম শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

থানার ওসির বক্তব্য

এ বিষয়ে কোতয়ালি থানার ওসি মাসুম খান বলেন, “নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলের মামলা হয়েছে। এদের মধ্যে বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আজ আদালতে তোলা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”