ধর্ষণের হুমকি পেয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ রূপাঞ্জনার
ধর্ষণের হুমকি পেয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ রূপাঞ্জনার

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচনের প্রাক্কালে শেষ মুহূর্তের প্রচার চলছে সর্বত্র। এই সময়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র লড়াইয়ের মাঝে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র বিজেপিকে একহাত নিলেন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকে রূপাঞ্জনার দিকে নানা কটূক্তি এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের শিকার হয়েছেন তিনি। তবে সব কিছু উপেক্ষা করলেও ধর্ষণের হুমকি পেয়ে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রচারের ফাঁকে লাইভে এসে ক্ষোভ প্রকাশ করে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন।

রূপাঞ্জনার বক্তব্য

বিজেপির উদ্দেশে রূপাঞ্জনা বলেন, ‘সাচ্চা বাঙালিকে ভয় দেখাতে আসবেন না। আপনারা তো চোখ দিয়েই ধর্ষণ করে দেন। তারপর নির্লজ্জের মতো ধর্ষণ নিয়ে কথা বলেন।’ তিনি আরও বলেন, রাজনৈতিক মতাদর্শ আলাদা হওয়ার কারণে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভাষায় আক্রমণ করা হচ্ছে। শুধু তিনি নন, রেহাই পাননি তাঁর বয়স্ক মাও। পরিবারের ওপর এই আক্রমণ মুখ বুজে সহ্য করতে প্রস্তুত নন তিনি। সামনে দাঁড়িয়ে মন্তব্য করার জন্য লাইভে এসে বিজেপি সমর্থকদের চ্যালেঞ্জ ছুড়েছেন। তিনি বলেছেন, ভার্চুয়ালি মন্তব্যে তো সাহস লাগে না, মুখোমুখি হলে বোঝা যাবে কার দৌড় কতখানি।

নারী সুরক্ষা প্রসঙ্গ

রূপাঞ্জনা দাবি করেন, দীর্ঘ ২৫ বছর অক্লান্ত পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে নিজের জমি শক্ত করেছেন। একজন সফল নারী হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন। আর এমন নিম্নমানের মন্তব্য কীভাবে সম্ভব, সে প্রশ্ন তুলেছেন বিজেপির বিরুদ্ধে। বিজেপির উদ্দেশে তিনি আরও বলেন, ‘নারী সুরক্ষা নিয়ে কথা বলেন অথচ একজন নারীকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দিচ্ছেন। এ কথা বলে বোঝা যাচ্ছে, ক্ষমতায় এলে কী পরিণতি হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গুণ্ডা কালচারের অভিযোগ

এই অভিনেত্রী আরও যোগ করেন, ‘বিজেপির গুণ্ডা কালচার ছাড়া এটি আর কিছুই নয়। আবারও বলছি, সাহস থাকলে সামনে এসে হুমকি দিন। এখন তো অবশ্য কঙ্গনা, মন্দাকিনী থেকে শুরু করে বিহারে ভোজপুরি তারকাদের নিয়ে পার্টি ব্যস্ত। একটা কথা শুনে রাখুন, যাঁরা আমাকে আক্রমণ করেছেন, তাঁদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ দায়ের করছি। পশ্চিমবঙ্গকে কখনোই উত্তর প্রদেশ, মণিপুর বা গুজরাট হতে দেব না।’

সংবাদ প্রতিদিন অবলম্বনে