আওয়ামী লীগ নিষিদ্ধ: রাজনৈতিক ঐকমত্যের স্বরূপ ও বাস্তবতা
আওয়ামী লীগ নিষিদ্ধ: রাজনৈতিক ঐকমত্যের স্বরূপ ও বাস্তবতা

দেশের ৩০ থেকে ৩৫ শতাংশ লোক শহরে বা পৌর এলাকায় বাস করে। তারাই দেশের রাজনীতি, অর্থনীতি আর সংস্কৃতি ঠিক করে দেয়। তারা আজতক কোনো বিষয়ে একমত হয়েছে, এমন দৃষ্টান্ত নেই। একটা কথা আমরা প্রায়ই শুনে থাকি—জাতীয় ঐকমত্য। এটা যে একটি সোনার হরিণ, তাতে কোনো সন্দেহ নেই। পাঁচজন লোক একত্র হলে কোনো বিষয়ে আলাপ করতে গেলে ছয়টা মত হয়। পাঁচজনের পাঁচ মত। সবার মত শুনে প্রথম জন আবার তার মত বদলায়। তারপরও আমরা ঐকমত্যের কথা বলি। বলতে হয়। না হলে রাজনীতি হয় না। তবে আমরা জানি, এটি একটি কষ্টকল্পনা ছাড়া আর কিছু নয়। আমরা আমাদের কথা বলে যাই। বলার সময় বলি, জনগণ এটা চায়। এই জনগণ অবিভাজ্য নয়। তার মধ্যে অনেক ভাগ। একেক ভাগের একেক রকম মত, দৃষ্টিভঙ্গি, আচরণ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়েও শতভাগ ঐকমত্য নেই, সেটা বোঝা যায়।

একাত্তরের ঐক্য: একটি মিথ

আমরা অনেক সময় বলি, একাত্তরে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। শুনতে ভালো লাগে। আসলে এটা একটা মিথ। আমরা ঐক্যবদ্ধ ছিলাম না। আমরা অনেকে স্বাধীনতা চেয়েছি, অনেকে চাইনি, অনেকে জোয়ারে গা ভাসিয়ে দিয়েছি, অনেকে চুপ থেকেছি। তারপর দেশ একসময় পাকিস্তানমুক্ত হলো। আমরা যার যার ন্যারেটিভ তৈরি করতে থাকলাম। কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। কয়েকটি ন্যারেটিভ তো রীতিমতো সাংঘর্ষিক।

আওয়ামী লীগ নিষিদ্ধ: আইন ও বাস্তবতা

অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। দল হিসেবে আওয়ামী লীগের লোকেরা লুটেরা, স্বৈরাচারী, ফ্যাসিস্ট—এ অভিযোগ আছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দলটি শেখ হাসিনার নেতৃত্বে একটি পারিবারিক শাসন কায়েম করেছিল। সবই সত্য। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি? দলটির অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে মামলা আছে। অনেকেই গ্রেপ্তার হয়েছেন। অনেকেই আত্মগোপনে আছেন। অনেকেই বিদেশে চলে গেছেন। তাঁদের অনেকের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা দেওয়া হয়েছে। চব্বিশের গণবিদ্রোহে বিভিন্ন স্থানে সরকারি বাহিনীর গুলিতে অসংখ্য মানুষ নিহত হয়েছেন। এসব ঘটনায় প্রতিটি মামলায় আসামি হয়তো এক হাজার বা তারও বেশি। শুনেছি, অনেক জায়গায় অতি উৎসাহী ও সুযোগসন্ধানী লোকেরা ইচ্ছেমতো নাম বসিয়ে দিয়েছে। পুলিশ এসব মামলা গ্রহণ করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হরেদরে হত্যা মামলা দেওয়ার কারণে আদালতে এসব মামলা টেকানো যাবে না। সামরিক শাসন থাকলে যা খুশি করা যায়। সামরিক আইনের বিরুদ্ধে আপিল চলে না। কিন্তু দেশে একটা সিভিল সরকার থাকলে তাকে আইন মেনে চলতে হয়। ফলে দেখা যাবে, বেশির ভাগ হত্যা মামলার আসামি খালাস পেয়ে যাবে। জানি না, এদের ছেড়ে দেওয়ার জন্যই এভাবে মামলা সাজানো হয়েছে কি না। অথচ মামলা হতে পারত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে।

জনমত যাচাইয়ের মাধ্যম নির্বাচন

এ দেশের জনমত কী বলে? জনমত কি পত্রিকার সংবাদ পড়ে আর কোনো রাজনীতিবিদের দাবি শুনে বোঝা যায়? এ নিয়ে কি কোনো শুমারি হয়েছে? একটি দলকে জনগণ চায় কি চায় না, সেটি বোঝার একমাত্র উপায় হলো নির্বাচন। নির্বাচনের মাধ্যমে নাগরিকেরা কোনো দলকে গ্রহণ করেন, কোনো দলকে বর্জন করেন। এটা নাগরিকের সার্বভৌম অধিকার। সরকার এই অধিকার কেড়ে নিয়েছে। সুতরাং আওয়ামী লীগ এটা বলতেই পারে যে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেনি। বরং সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে তাদেরকে নির্বাচন থেকে দূরে রেখেছে। এ প্রসঙ্গে দুটো উদাহরণ তুলে ধরা যায়; এক. ১৯৭১ সালের ২৬ মার্চ ইয়াহিয়া খানের সামরিক সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। দুই. ২০২৪ সালের জুলাই মাসের শেষের দিকে শেখ হাসিনার ‘নির্বাচিত’ সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। ফল কী হয়েছিল, সবাই জানেন।

আওয়ামী লীগের ভবিষ্যৎ

সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। খবরের কাগজে আওয়ামী লীগ প্রসঙ্গে লেখা হয় ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের’ অমুক নেতা গ্রেপ্তার। আওয়ামী লীগ নেই। তারপরও আওয়ামী লীগ আছে।

একটা ছোট্ট দেশ বাংলাদেশ। আয়তন দেড় লাখ বর্গকিলোমিটারের কম। কিন্তু লোকে গিজগিজ করছে। কত মানুষ? কেউ বলে ১৭ কোটি, কেউ বলে ১৮ কোটি। আর পাঁচ বছর বাদে একটা জনশুমারি হবে। তখন জনসংখ্যা হয়তো ২০ কোটির কাছাকাছি পৌঁছাবে। এর মধ্যে আওয়ামী লীগের সমর্থক কতজন, তা কি আমরা জানি? একটা দল এত বছর ধরে রাজনীতি করছে, ক্ষমতায় ছিল অনেক বছর, আইন করে কি দলটিকে মুছে ফেলা যায়? অথচ নির্বাচনে এলে ভোটাররাই হয়তো আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করতেন। ২০২৪ সালের আগস্টের পরপর এ রকম অবস্থাই ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার নানান টালবাহানা করে দেড় বছর পার করে দিয়ে নির্বাচন দেওয়ায় আওয়ামী লীগ অনেকটাই জীবন ফিরে পেয়েছে। পুলিশ দিয়ে তাদেরকে আর কত দিন ঠেকিয়ে রাখা যাবে।

শেখ হাসিনার ভূমিকা

এবার আসি অন্য প্রসঙ্গে। আওয়ামী লীগ কি আসলেই রাজনীতিতে ফিরে আসতে চায়? তাদের ভাবসাব দেখে তো সে রকম মনে হয় না। দলের সভাপতি শেখ হাসিনা নিজেকে মনে করেন দলের মালিক। তাঁর দলের অগুনতি নেতা-কর্মী মনে করেন, তিনি হলেন ত্রাতা, মেসিয়া। তিনি ছাড়া এ দলের কোনো ভবিষ্যৎ নেই। ব্যক্তি ও পরিবার পূজা এমন মাত্রায় পৌঁছেছে যে তাঁরা হাসিনাবিহীন আওয়ামী লীগ কল্পনাও করতে পারেন না। হাসিনা এটা জানেন। তিনিই দলের মধ্যে এই মনস্তত্ত্ব তৈরি করেছেন।

মাঝেমধ্যে ‘রিফাইনড আওয়ামী লীগের’ কথা শোনা যায়। কে কে নেতৃত্ব দিতে পারেন, এ রকম কিছু নাম বাতাসে ভেসে বেড়ায়। সমস্যা হলো, শেখ হাসিনা দলের সভাপতির পদ ছাড়বেন না। তিনি ভালো করেই জানেন, তাঁর ক্ষমতার উৎস হচ্ছে এই পদ। এটি একবার ছেড়ে দিলে দলের কী হবে, তা নিয়ে তাঁর মাথাব্যথা নেই। কিন্তু পদ হারালে যে তাঁর আর কোনো জায়গা থাকে না, এটি তিনি হাড়ে হাড়ে বোঝেন। সে জন্য আওয়ামী লীগ ফিরলে হাসিনাকে নিয়েই ফেরার চেষ্টা করবে। তবে বর্তমান প্রেক্ষাপটে এটি সম্ভব নয়।

শেখ হাসিনা মৃত্যুদণ্ডের আসামি। ফাঁসির দড়িতে ঝুলতে তিনি হাসিমুখে ফিরে আসবেন, এটি আকাশকুসুম কল্পনা। তিনি নিজেকে ও তাঁর পরিবারকে দেশ ও দলের চেয়ে বেশি ভালোবাসেন, এটা কে না জানে। দেশ ছেড়ে চলে যেতে হবে, এটা যদি হাসিনা না জানতেন তাহলে চমৎকার একটা পরিকল্পনা সাজিয়ে তাঁর পরিবার ও আত্মীয়দের আগেই বিদেশে পাঠিয়ে দিলেন কীভাবে! এ রকম স্বজনপ্রেম দৃষ্টান্ত হয়ে থাকবে। থেকে গেলেন এবং ধরা খেলেন শুধু একজন আত্মীয়, আমির হোসেন আমু। ‘সংস্কারবাদী’ হয়ে তিনি হাসিনার চক্ষুশূলে পরিণত হয়েছিলেন। আর থেকে গেলেন অনেক নেতা-কর্মী, যাঁদের কাছে আওয়ামী লীগ হলো ‘ধর্ম’।

হাসিনা স্বেচ্ছায় ফিরবেন না। ‘সাহস থাকলে দেশে আয়’ বলে হুংকার দিলেও তিনি আসবেন না। শতভাগ নিরাপত্তার আশ্বাস না পেলে কেউ আসে না।

হাসিনার মনে কী আছে কে জানে। তবে আওয়ামী লীগের অনেকেই মনে করেন, বাইরের কোনো শক্তি তাঁদেরকে আবারও ক্ষমতায় বসিয়ে দেবে। এই আশার পিদিম জ্বালিয়ে তাঁরা মাঝেমধ্যে ‘জয় বাংলা’ বলে চেঁচিয়ে ওঠেন এবং নিজেদের অবস্থান জানান দেন।

মহিউদ্দিন আহমদ লেখক ও গবেষক