মিরপুরে শাহ আলী মাজারে হামলা, আহত বেশ কয়েকজন
মিরপুরে শাহ আলী মাজারে হামলা, আহত বেশ কয়েকজন

রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী (রহ.) এর মাজারে হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে কিছু লোক তৌহিদী জনতার ব্যানারে স্লোগান দিতে দিতে লাঠিসোঁটা নিয়ে মাজারে থাকা লোকজনের ওপর হামলা চালায়। এ সময় তারা নির্বিচারে লাঠিপেটা করে। এতে পাঁচ থেকে ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হঠাৎ এই হামলায় মাজারের ভক্ত-মুরিদদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার বিবরণ

প্রত্যক্ষদর্শী স্থানীয় মুসল্লিরা জানান, বৃহস্পতিবার রাত ১০টার পর প্রায় ৭০-৮০ জনের একটি দল মাজারে প্রবেশ করে। তাদের হাতে ছিল লাঠি ও পাইপ। হামলাকারীদের মধ্যে টুপি-পাঞ্জাবি পরিহিত ২০-২২ বছর বয়সী এক যুবকের পিঠে কালো কাপড়ের ব্যাগ ঝোলানো ছিল। তৌহিদী জনতার নামে ওই যুবককে স্লোগান দিতে শোনা যায় এবং জড়ো হওয়া জনতাকে মাজারে হামলার নির্দেশ দেয়। পরে লাঠিসোঁটা নিয়ে নির্বিচারে মারধর শুরু করে তারা। এ সময় মাজারের ভেতরে লাল রঙের পাঞ্জাবি পরিহিত ৪০-৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করে বের করতে দেখা যায়। একপর্যায়ে হামলাকারীরা মাজারে ঢুকে মুরিদ ও জিয়ারতকারীদের টেনেহিঁচড়ে বের করে দেয়।

পুলিশের বক্তব্যে বিভ্রান্তি

এ হামলা নিয়ে নানা রকম বক্তব্য পাওয়া গেছে। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার জানান, মাজার কর্তৃপক্ষ তাদের একটি অভিযোগ পুলিশের কাছে দেবে। অভিযোগ করা হলে পুলিশ সে অনুযায়ী ব্যবস্থা নেবে। তবে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, মাজারে কোনো হামলার ঘটনা ঘটেনি। সেখানে গত রাতে রওজার পাশে কয়েকজন বহিরাগত নারী-পুরুষ মাদক সেবন করছিল। স্থানীয়রা দেখে তাদের বের করে দেয়। অন্যদিকে ডিএমপির দারুসসালাম জোনের সহকারী কমিশনার এমদাদ হোসেন বলেন, মাজার প্রাঙ্গণে মাদক বিক্রি ও সেবনরোধে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অভিযান চালিয়েছে। গত সপ্তাহে স্থানীয় এক বিএনপি নেতার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয় বলেও জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে খবর

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, মাজারের পাশে একটি স্থানে নামাজ পড়া হয়। ওই স্থানে কতিপয় ব্যক্তি মাঝেমধ্যে আড্ডা দেয়। মাজারের পরিবেশ খারাপ করার অভিযোগ তুলে স্থানীয় জামায়াত-শিবিরের কতিপয় কর্মী তৌহিদী জনতার ব্যানারে লাঠিসোঁটা নিয়ে এই হামলা চালায়।

এদিকে মাজারে হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কিছু লোক লাঠি দিয়ে মাজারে থাকা লোকজনকে মারধর করে বের করে দিচ্ছে। হামলার সময় হামলা থেকে ভক্ত-মুরিদদের রক্ষা করতে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি।

শুক্রবার বিকাল পর্যন্ত শাহ আলী মাজার কর্তৃপক্ষ থানায় অভিযোগ দেয়নি। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার বলেন, কেউ অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।