জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় ফিরে আসে, তাহলে তারা প্রথমেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যা করবে। শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির প্রতি হুঁশিয়ারি
নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, "জুলাই গণঅভ্যুত্থানকে বিএনপি বাদ দিতে চাচ্ছে। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনকেও বিএনপি মুছে দিয়েছিল। জুলাই অভ্যুত্থানকে বিএনপি ভ্যানিশ করে দিয়েছে। আমি আজকে বলে রাখছি, জুলাই অভ্যুত্থান যদি শেষ হয়ে যায়, আওয়ামী লীগ যদি ফেরত আসে তাহলে সবচেয়ে বড় ভিকটিম হবে বিএনপি।"
তিনি আরও বলেন, "বিএনপি গত ১৫ বছরে অনেক নির্যাতনের শিকার হয়েছে। দলটির অনেক নেতাকর্মীর পায়ে এখনও গুলির দাগ আছে, পেট কাটা আছে, হাত কাটা আছে। এগুলোর দাগ এখনও শুকায় নাই। এটার ওপরে দাঁড়িয়ে বিএনপি যদি গাদ্দারি করে, যদি আবার আওয়ামী লীগকে নিয়ে আসতে চায়, এটা তাদের জন্যই বুমেরাং হবে।"
আওয়ামী লীগের প্রতিশোধের আশঙ্কা
এনসিপি নেতা বলেন, "তারা (আওয়ামী লীগ) আইসা প্রথমেই একটা একটা বিএনপি ধরে হত্যা করবে। আওয়ামী লীগ এসে প্রথমে তারেক রহমানকে হত্যা করবে।" তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।



