শরীয়তপুরের গোসাইরহাটে স্ত্রীর স্বীকৃতি দাবিতে এক তরুণী ও তার মা যুবকের বাড়িতে অনশন করেছেন। সোমবার (২২ জুন) উপজেলার গোসাইরহাট ইউনিয়নের দাতরা গ্রামে যুবক সাইফুল মালতের বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার পর্যন্ত ওই তরুণী অনশন করে বসে থাকার খবর পাওয়া গেছে।
অভিযোগ: বের করে দেওয়া ও পালিয়ে যাওয়া
ওই তরুণী স্ত্রীর স্বীকৃতির দাবিতে সাইফুলের বাড়িতে গেলে পরিবারের লোকজন তাকে বের করে দিয়েছেন বলে অভিযোগ করেন। এছাড়া সাইফুলকে বাড়ি থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন তার পরিবারের লোকজন।
তরুণীর বক্তব্য
অনশনকারী তরুণী জানান, তার আগের স্বামীর সংসারে থাকাকালে সাইফুলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত তিন মাস আগে সাইফুল তাকে বিয়ে করেছে। তিনি বলেন, “বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যেত। তিন মাস আগে গোপনে আমরা দুজন নোটারি পাবলিকের মাধ্যমে নিকাহনামা রেজিস্ট্রি করে বিয়ে করি। বিয়ের পর আমরা দুজন গোপনে কিছু দিন সংসারও করেছি। এরপর আমাদের বিয়ের কথা জানাজানি হলে সাইফুল ও তার পরিবার বিয়ে মেনে নিচ্ছিলেন না। সাইফুল আমার সঙ্গে সংসার করবে না বলে জানায়। বাধ্য হয়ে আজকে তার বাড়িতে অবস্থান করছি।” তিনি আরও জানান, “আমি যদি স্ত্রীর স্বীকৃতি না পাই, তা হলে এখানে জীবন দিব তাও অন্য কোথায় যাব না।”
যুবকের বক্তব্য
পলাতক থাকা অবস্থায় অভিযুক্ত যুবক সাইফুল মোবাইল ফোনে বলেন, “ও আগে বিয়ে করছে- সেটা আমার কাছে গোপন রেখেছে। আমার সঙ্গে প্রতারণা করছে। আমি ওকে রাখব না; তালাক দিয়ে দেব।”
পরিবারের বক্তব্য
সাইফুলের বাবা সফি উদ্দিন আহমেদ দাবি করে বলেন, “বিয়ে করেছে কিনা আমি জানি না।”
পুলিশের বক্তব্য
গোসাইরহাট থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, “অনশন করার বিষয়টি শুনেছি। তবে থানায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



