কিশোরগঞ্জের কটিয়াদীতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন মো. দেলোয়ার হোসেন (৬৫) ও মো. আলিম উদ্দিন (৬২)। উপজেলার মসূয়া ইউনিয়নের পং মসূয়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা একই গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।
দেলোয়ার হোসেনের মৃত্যু
দেলোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান রাজিব জানান, বুধবার (২৪ জুন) সন্ধ্যায় তার বাবা স্ট্রোকজনিত কারণে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আলিম উদ্দিনের মৃত্যু
মেহেদী হাসান রাজিব আরও জানান, তার চাচা আলিম উদ্দিন মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় পং মসূয়া বাজারে যাওয়ার পথে হঠাৎ স্ট্রোক করে রাস্তায় পড়ে যান। পরে তাকে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শোকের ছায়া
একদিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পং মসূয়া গ্রামের বাসিন্দা ও শিক্ষক মো. খায়রুল ইসলাম বলেন, ‘একই পরিবারের দুই ভাইয়ের একদিনের ব্যবধানে মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক ঘটনা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।



